হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী (১৬ থেকে ১৮ আগস্ট) এই কর্মসূচির সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর অতিথিরা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা, অপরাজিতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছায়েদ আল মামুন শহীদ ফকির, মো. হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির ও সেলিম উদ্দিন। এবং স্থানীয় মাননীয় নারী আসনের সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি মোঃ আব্রাহাম লিংকন,
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেম, সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার এবং মৎস্যচাষি আব্দুল লতিফসহ অনেকে। এ সময় স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য খাতের প্রসার ঘটিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি ক্ষতিকর কীটনাশকের ব্যবহার রোধ এবং কারেন্ট জালসহ অবৈধ উপায়ে মাছ নিধন বন্ধে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ক্ষেত্রবিশেষে অবদানের স্বীকৃতি হিসেবে সফল মৎস্যচাষিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। আগামী ১৮ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলাজুড়ে এ মৎস্য পক্ষ পালিত হবে।