ফয়সাল আহমেদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় মাদক, জুয়া, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি। অপরাধ দমনে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের নেওয়া কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন প্রতি মাসে আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গত ২৪ আগস্ট সংঘটিত আনোয়ার হত্যাকাণ্ডের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, শুধু প্রশাসন কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। অপরাধ দমনে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, কোনো অপরাধের তথ্য গোপন না করে দ্রুত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সবার সহযোগিতা থাকলে সিংড়ায় অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে করা সম্ভব হবে।
সভায় চুরি ও ছিনতাই প্রতিরোধে সিংড়া বাজারের গুরুত্বপূর্ণ ১০ থেকে ১২টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। এ লক্ষ্যে সিংড়া পৌরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ক্যামেরা স্থাপনের স্থান নির্ধারণে থানা থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় দ্রুত সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে বাজার এলাকায় পুলিশের নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, প্রতি মাসে মাদক ও জুয়ার বিরুদ্ধে সিংড়া থানা কী কী কার্যক্রম গ্রহণ করেছে, তার বিস্তারিত প্রতিবেদন পরবর্তী আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করতে হবে।
এ ছাড়া স্কুল পর্যায়ে ধূমপান বন্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং মাদক ও জুয়ার ভয়াবহতা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
মসজিদে জুমার খুতবা ও অন্যান্য ধর্মীয় আলোচনায় মাদক ও জুয়ার কুফল তুলে ধরতে ইমামদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন সিংড়ার ফিল্ড সুপারভাইজারকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার থেকেই সন্তানদের প্রতি নজরদারি ও সচেতনতা বাড়াতে হবে। সামাজিক ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে হবে।
মাদক সেবন ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া গ্রাম্য সালিশ নিরুৎসাহিত করে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করার পরামর্শ দেওয়া হয়। বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে কাজী সমিতির সভা ইউনিয়ন পরিষদ পর্যায়ে আয়োজনের অনুরোধ জানানো হয়।
মাদক সংক্রান্ত যেকোনো তথ্য উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর; উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সিংড়া এবং অফিসার ইনচার্জ, সিংড়া থানাকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, সংসদ সদস্যের প্রতিনিধি মিলন মাস্টারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।