স্টাফ রিপোর্টার, নীলফামারী:
ঐতিহাসিক ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে নীলফামারীতে বাংলাদেশক ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) শহরের জেলা জামায়াত কার্যালয় আল-হেলাল একাডেমিতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর অফিস সম্পাদক মাহবুব রব্বানী রুবেল।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফ শাহ্।
বক্তব্যে তিনি ইসলামী শিক্ষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৬৯ সালের ১৫ আগস্ট তৎকালীন শাসকগোষ্ঠীর গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে ইসলামী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ছাত্রসমাজ আন্দোলনে নামে। ওই আন্দোলনে আব্দুল মালেকসহ অনেকে শাহাদাত বরণ করেন। তাঁর মতে, ইসলামী শিক্ষা শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়; নৈতিকতা, সততা ও আদর্শসম্পন্ন মানবসম্পদ গঠনের ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, শিক্ষা ও সমাজজীবনে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব রয়েছে। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে আদর্শিক ও নৈতিক শিক্ষার প্রসার প্রয়োজন। এ লক্ষ্যেই ছাত্রশিবির কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাখা সাহিত্য সম্পাদক আবদুর রশিদ সরকার, প্রকাশনা সম্পাদক আরিফিন ইসলাম এবং শাখা সম্পাদক আশরাফুল ইসলাম।
এ সময় নীলফামারী শহর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ, জাতি এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।