জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামে নারী ইউপি সদস্য নাজমিন আক্তারের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
জানা যায়, পূর্ব পাড়ার একটি গরু নাজমিন আক্তারের বাড়ির দিকে চলে আসে। ওই সময় গরুর সাথে থাকা পূর্ব পাড়ার দুই ব্যক্তি গরুটির বিষয়ে নাজমিন আক্তারের ছেলে রামিমের সহযোগিতা চান। রামিম সহযোগিতা কেন করলো, সেই জের ধরেই ১৮ অক্টোবর রবিবার মধ্যরাতে ১০-১২ জনের একটি দল নারী ইউপি সদস্য নাজমিন আক্তারের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
হামলায় বসতঘরের দেয়াল ভাঙচুর ও দুটি টিনের ঘরে অগ্নিসংযোগ করা হয়।
হামলাকারীদের মধ্যে চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- মো. জামাল মিয়া (৩৫), মো. কাওছার মিয়া (২৬), পিতা- মৃত কবির আহমদ, মো. জুবায়ের মিয়া (২৫), পিতা- আরশ উল্লাহ এবং মো. বদর মিয়া, পিতা- আওলাদ আলী। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৭ জন রয়েছে।
ভুক্তভোগী আরও বলেন, উক্ত লোকগুলো বিভিন্ন সময় আমাদের বাড়ির সামনের রাস্তায় এসে অজ্ঞাত লোকজন নিয়ে আমাদের গালাগালি করে ও প্রাণে হত্যার হুমকি দেয়। এই অত্যাচারীদের সুষ্ঠু বিচার দাবি করছি প্রশাসনের কাছে।
এ বিষয়ে ওয়ার্ড মেম্বার আব্দু শহীদ জানান, তিনি খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযুক্তদের কাউকে এলাকায় পাওয়া যায়নি, তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।