মোঃ আকরাম হোসেন রতন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোণা।
গত শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে ‘নেত্রকোণা সাংবাদিক সমাজ’-এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রকাশ্যে একজন সংবাদকর্মীকে গুলি করে হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে উন্মোচিত করেছে। সাংবাদিকেরা যাতে ভয়ভীতি ছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তার জন্য অবিলম্বে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
এদিকে নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ, পিবিআই, সিআইডি ও গোয়েন্দা সংস্থার একাধিক দল মাঠে নেমেছে।
নিহত আলিফ ফকির বেসরকারি আইপি টেলিভিশন ‘রূপসী বাংলা’র নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। তাঁর শরীরে ৬টি গুলির আঘাত পাওয়া গেছে। শুক্রবার ময়নাতদন্তের সময় পিঠের ভেতরে আটকে থাকা একটি গুলি উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের পর পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুরের একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করে।