মো. আফজাল হোসেন, দিনাজপুর থেকে:
দিনাজপুরের ফুলবাড়ীতে মো. রুহুল আমিন (৩৫) হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামিকে গ্রেফতার করছে না ফুলবাড়ী থানার পুলিশ। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গুচ্ছগ্রামের মৃত খলিল উদ্দিনের পুত্র মো. শফিকুল ইসলামের ফুলবাড়ী থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ২৯/১০/২০২৬ ইং তারিখে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ মো. শফিকুল ইসলামের পুত্র মো. রুহুল আমিনকে সন্দেহ করে একই গ্রামের মো. জহুরুল হক (৫৫), পিতা- মৃত আবুল হোসেন, মো. সামছুল ইসলাম (৬০), পিতা- মৃত ইসমাইল, মো. সারেজুল ইসলাম (৩৬), পিতা- মৃত আবুল হোসেন, মো. সাবু (২৫), পিতা- মো. বাতাসু, মো. মেহেদি হাসান (২৫), পিতা- মো. সামিউল মুন্সি ও মো. মাহামুদ মন্ডল (২৫), পিতা- মো. আরশাদ আলী ও অজ্ঞাত আরও ৭/৮ জন।
গত ৩০/১০/২০২৬ ইং তারিখে সকাল সাড়ে ৮টায় অম্রবাড়ী গ্রামের প্রিন্সিপালের মোড়ে মো. রিয়াজুলের মুদি দোকানের সামনে মো. শফিকুল ইসলামের ভাতিজা মো. খোরশেদকে একা পেয়ে উল্লিখিত ব্যক্তিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাকে মারপিট করে মারাত্মকভাবে আহত করে। ওই সময় স্থানীয় লোকজন ও তার আত্মীয় স্বজন উদ্ধার করে তাকে ভ্যানযোগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই দিনই সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত্রি সাড়ে ১০টায় মো. রুহুল আমিন মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় মো. শফিকুল ইসলাম তার পুত্র মো. রুহুল আমিন হত্যায় জড়িত ৬ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় গত ০১/১১/২০২৬ ইং তারিখে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ০১, তারিখ: ০১/১১/২০২৬ ইং, ধারা: ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪। ফুলবাড়ী থানার পুলিশ ১৬ দিন গত হলেও অদ্যাবধি হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে পারেননি।
তবে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, এই হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আমরা তৎপরতা চালাচ্ছি। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে। নিহত রুহুল আমিনের পিতা মো. শফিকুল ইসলাম জানান, ১৬ দিন গত হয়ে গেল এখন পর্যন্ত অন্যান্য আসামিদেরকে পুলিশ গ্রেফতার করছে না। তিনি পুত্র হত্যার সুষ্ঠু বিচার চান।