মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
নিয়মিত গণশুনানিতে নিজের কর্মসংস্থানের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি চুরি হয়ে যাওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসকের সহায়তা চেয়েছিলেন শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার অসহায় ও কর্মক্ষম মো. জহুরুল ইসলাম। প্রায় এক মাস আগে তার সমস্যার কথা শুনে তাকে একটি ভ্যানগাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা প্রশাসক।
সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন মো. জহুরুল ইসলামের হাতে একটি ভ্যানগাড়ি তুলে দেন।
ভ্যানগাড়ি পেয়ে জহুরুল ইসলাম পুনরায় নিজের কর্মসংস্থানে ফিরে যাওয়ার সুযোগ পেলেন। এর মাধ্যমে তিনি ভ্যান চালিয়ে আয় করে পরিবারের জীবিকা নির্বাহের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় ও কর্মক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা শুনে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।