মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির নাম মোসাঃ রুমা আক্তার (৪০)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজা উদ্ধার করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তি পেয়ে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোঘরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা-বাইপাস চিটাগাং রোডের নিউ আঁখি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উত্তর পার্শ্বে মহাসড়কের মাঝখানের ফাঁকা স্থানে কতিপয় চিহ্নিত মাদক কারবারি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনিরুজ্জামান এবং এসআই (নিঃ) মোঃ খালেকুজ্জামান-এর যৌথ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে মোসাঃ রুমা আক্তারকে আটক করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়ে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর পলিথিনে অত্যন্ত সুকৌশলে মোড়ানো অবস্থায় মোট ৭ (সাত) কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
আইনসংক্রান্ত প্রক্রিয়া শেষে আটককৃত আসামির বিরুদ্ধে জিএমপি বাসন থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণি ১৯ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৩, তারিখ: ১২/০৯/২০২৬ খ্রিঃ)।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
মোসাঃ রুমা আক্তার (৪০), স্বামী- মুক্তার হোসেন, পিতা- মৃত নুরুল হক, মাতা- ফাতেমা আক্তার। তার স্থায়ী ঠিকানা: গ্রাম- লোচনপুর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী।
পুলিশ কর্মকর্তা সূত্রে জানা যায়, অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গড়ার অংশ হিসেবে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব অশোক কুমার পাল, পিপিএম-এর প্রত্যক্ষ দিক-নির্দেশনায় সফলভাবে এই অভিযানটি পরিচালিত হয়। মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।