মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর সদর থানাধীন কাউলতিয়া এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিস্তার রোধে আনুষ্ঠানিকভাবে ‘হাতিয়াব পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। তিনি স্থানীয় সুধীজন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।” অপরাধ দমনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, নতুন এই হাতিয়াব পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে কাউলতিয়া ও আশপাশের এলাকায় অপরাধমূলক কার্যক্রম অনেকাংশে হ্রাস পাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও বেগবান হবে।