ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা বেগমকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা তাঁকে আটক করেন।
আটক সুলতানা বেগম (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহলা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।