মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা আলোচিত শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আসামি সুমন ওরফে ‘মাইগ্যা সুমন’-এর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে তাদের কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে প্রধান আসামিদের একজন, সুমন ওরফে মাইগ্যা সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির স্বীকারোক্তি ও দেখানো স্থান—নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবাব সলিমুল্লাহ রোডস্থ রামকৃষ্ণ মিশনের প্রধান ফটকের পাশে ফুটপাতসংলগ্ন ঝোপঝাড় থেকে একটি শপিং ব্যাগে লুকানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বিদেশি পিস্তলটির দৈর্ঘ্য সাড়ে ৭ ইঞ্চি এবং এর ব্যারেলে ইংরেজিতে “MADE IN USA 7.65 MM” খোদাই করা রয়েছে। গত ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে পিস্তল ও ম্যাগাজিনটি আলামত হিসেবে জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী—পূর্বশত্রুতা ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই শুভ চন্দ্র দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এ হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি সরাসরি জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে ডিবি ও স্থানীয় থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ দখলে রাখার অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯-এ ধারায় পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।