পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় পেয়ারার চারা রোপণ করেছে সামাজিক সংগঠন ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’। (১২ আগস্ট ২০২৬ ইং বুধবার) পূর্বধলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন পূর্বধলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান।
সংগঠন সূত্রে জানা যায়, সভাপতি হারাধন সূত্রধর ২০১০ সালে নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজ উদ্যোগে ২০২০ সালে সমিতিটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০২২ সালে এটি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধিত হয় (নিবন্ধন নং- ০৭৪)। পূর্বধলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংগঠনটিকে প্রতিনিয়ত সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ প্রদান করে আসছেন। উল্লেখ্য, সংগঠনটির সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই সমিতিটি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, অসহায় ও প্রতিবন্ধীদের সাহায্য, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণসহ মাদক ও বাল্যবিয়ে বিরোধী সামাজিক সচেতনতামূলক কাজ দক্ষতার সাথে পরিচালনা করে আসছে।
বৃক্ষরোপণকালে সমিতির সভাপতি হারাধন সূত্রধর জানান, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।