লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে সার পাচার ও মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বিসিআইসি ও বিএডিসির দুই ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় ৫১ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা ডিএপি সারসহ মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে আদিতমারী উপজেলার সারপুকুর ও সাপ্টিবাড়ী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদিতমারী থেকে কুড়িগ্রামে অবৈধভাবে সার নিয়ে যাওয়া হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিপার বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে সার বিক্রি ও পাচারের সময় হাতেনাতে দুলাল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া সার বিতরণে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিসিআইসি ডিলার শফিকুল আলমকে ২০ হাজার টাকা এবং বিএডিসি ডিলার মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম জানান, কৃষকদের অধিকার রক্ষা এবং সারের কৃত্রিম সংকট ও অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত সার বর্তমানে আদিতমারী উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে রয়েছে এবং বিধি মোতাবেক সরকারি মূল্যে তা কৃষকদের মাঝে বিতরণ করা হবে।